ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজা সংকটে ইসলামি দেশগুলোর ঐক্যের ডাক! ইরান-মালয়েশিয়ার সঙ্ঘবদ্ধ চেষ্টা জরুরি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

গাজা সংকটে ইসলামি দেশগুলোর ঐক্যের ডাক! ইরান-মালয়েশিয়ার সঙ্ঘবদ্ধ চেষ্টা জরুরি

গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে একতা এবং সম্মিলিত পদক্ষেপের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

গতকাল বুধবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলার সময় পেজেশকিয়ান বলেছিলেন, “গাজায় ইহুদিবাদী শাসনের নির্মমতা কোনো মুক্ত মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আমি আশা করি ইসলামী দেশগুলো এই অপরাধ বন্ধে একসঙ্গে কাজ করবে এবং কূটনৈতিক চাপের মাধ্যমে গাজায় এই অপরাধের ধারাবাহিকতা রোধ করবে।”

তিনি আরও জানান, ইরানি ইসলামি প্রজাতন্ত্র সবসময় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করে এসেছে এবং অন্যান্য ইসলামি দেশগুলোকে আরও শক্তিশালী ও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানিয়েছে।

পেজেশকিয়ান বলেন, “গাজায় ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে কার্যকর প্রচেষ্টা চালানো অত্যন্ত জরুরি।”

অন্যদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের গাজায় করা নৃশংসতার জোরালো নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “মালয়েশিয়ার সরকার ইসরায়েলের বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং গাজায় গণহত্যা বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।”

তিনি আরও বলেন, “আমরা আশাবাদী, অন্যান্য ইসলামি দেশের সহযোগিতা ও সংহতির মাধ্যমে এই অপরাধ বন্ধ করা সম্ভব হবে।”