এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইরান ও পাকিস্তান দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ১২টি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে। মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এই খবর জানা গেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবহন ও ট্রানজিট, অর্থনীতি ও বাণিজ্য, পর্যটন এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রে এই চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।
রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফরের সময় দ্বিপাক্ষিক সহযোগিতার উন্নয়নে পথ সুগম ও প্রসারিত করার লক্ষ্যে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ১২টি সহযোগিতা দলিলে সাক্ষর করেন।
চুক্তিগুলোর আওতায় থাকা মূল ক্ষেত্রগুলো হল পর্যটন, কৃষি, বিচারিক ও আইনি সহযোগিতা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবহন ও ট্রানজিট, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা।
এই নতুন উদ্যোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে এবং নানা ক্ষেত্রে যৌথ উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।