ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজা দখল? এরদোগানের সরাসরি হুঁশিয়ারি: “এটা কখনই মেনে নেওয়া হবে না!”


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

গাজা দখল? এরদোগানের সরাসরি হুঁশিয়ারি: “এটা কখনই মেনে নেওয়া হবে না!”

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের ইসরায়েলের পরিকল্পনাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে কড়া সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে।

শনিবার (৯ আগস্ট) তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, এরদোগান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে গাজায় চলমান ইসরায়েলি হামলা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি আবারও নিশ্চিত করেছেন, তুরস্ক ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে অটল সমর্থন অব্যাহত রাখবে।

এরদোগান আরও বলেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সম্ভাব্য ঘোষণা ‘মূল্যবান পদক্ষেপ’। তিনি উল্লেখ করেন, পশ্চিমা বিশ্বে ইসরায়েলবিরোধী সমালোচনা দিনদিন বাড়ছে এবং তুরস্ক এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

এর আগে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবে গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। ওই পরিকল্পনা অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজার সব ফিলিস্তিনি বাসিন্দাদের কেন্দ্রীয় শিবির এবং অন্যান্য এলাকায় সরিয়ে নেয়া হবে। এরপর হামাস যোদ্ধাদের ঘিরে দিয়ে শহরে স্থল অভিযান চালানো হবে।