ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইউক্রেইনকে বাদ দিলে শান্তি অসম্ভব! ট্রাম্প-পুতিন বৈঠকের আগে ইউরোপীয় দেশগুলোর কঠোর বার্তা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

ইউক্রেইনকে বাদ দিলে শান্তি অসম্ভব! ট্রাম্প-পুতিন বৈঠকের আগে ইউরোপীয় দেশগুলোর কঠোর বার্তা

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা হলেও ইউক্রেইনকে অবশ্যই সেখানে থাকতে হবে—এমন শক্ত অবস্থান নিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড এবং ইউরোপীয় কমিশনের শীর্ষ নেতারা। তারা এক যৌথ বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন, কিইভকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

এই দাবি উঠে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সতর্ক করে দিয়েছেন, কিইভ ছাড়া কোনো শান্তি চুক্তি হলে তা “নিস্ফলা” হবে। কারণ ইউক্রেইনের কোনো প্রতিনিধি ছাড়া শান্তি আলোচনা গ্রহণযোগ্য নয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্প চান পুতিন ও জেলেনস্কির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করতে। তবে আপাতত পুতিনের অনুরোধে শুধু মার্কিন ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে।

ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন, শান্তি প্রক্রিয়া ‘রাশিয়াকে দিয়েই শুরু’ করবেন। তবুও তিনি বিশ্বাস করেন, সুযোগ পেলে তিন নেতার বৈঠক সম্ভব। তবে পুতিন কি রাজি হবেন, তা অনিশ্চিত, কারণ রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হওয়ার পর থেকে পুতিন ও জেলেনস্কির কোনো সরাসরি সাক্ষাৎ হয়নি।

এদিকে, বিতর্ক আরও তীব্র করেছেন ট্রাম্প। শুক্রবার তিনি বলেছিলেন, শান্তি চুক্তিতে ইউক্রেইনকে কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে। এই মন্তব্যে ক্ষুব্ধ জেলেনস্কি পাল্টা বললেন, “রাশিয়াকে অপরাধের পুরস্কার দেওয়া যাবে না। আমাদের বাদে যে কোনো সিদ্ধান্ত হবে শান্তির পরিপন্থী। ইউক্রেইনের ভূখণ্ড বিনিময়ে অদলবদলের কথা আসলে রাশিয়ান কৌশল, যা তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার সুবিধা দেবে।”