ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েলের নতুন হামলার আশঙ্কায় গোপন আস্তানায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

ইসরায়েলের নতুন হামলার আশঙ্কায় গোপন আস্তানায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা!

ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ইতোমধ্যে বহু ইরানি পরমাণু বিজ্ঞানী প্রাণ হারিয়েছে। এখন বেঁচে থাকা মেধাবীদের নিরাপত্তার জন্য তারা গোপনে পাঠানো হয়েছে আত্মগোপনে। আশঙ্কা করা হচ্ছে, ইসরায়েল আবারও তাদের নিশানা করতে পারে।

শনিবার (৯ আগস্ট) ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের ‘টার্গেট লিস্ট’-এ থাকা ১০০ বিজ্ঞানীর মধ্যে মাত্র ১৫ জনের কিছু বেশি জীবিত আছেন। তাদের কেউই আর নিজের বাড়িতে নেই বা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন না।

ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই বিজ্ঞানীদের তাদের পরিবারের সঙ্গে তেহরান ও দেশের উত্তর উপকূলে নিরাপদ গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের স্থানে এখন বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষকরা পড়াচ্ছেন, যাদের পারমাণবিক কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই।

এদিকে, ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি সংঘাত চলাকালীন নিহত এক পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলে পাচার করতেন। বিচার বিভাগের দাবি, এই ঘটনার পরই বিজ্ঞানীদের নিরাপত্তার কথা ভেবে তাদের গোপন স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান।