এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
ইসরায়েলের গাজা শহর দখলের পরিকল্পনার বিরুদ্ধে এবার জোরালো প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। শনিবার (৯ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ গাজা উপত্যকার ভয়াবহ মানবিক সংকটকে আরও গভীর করবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনি ভূখণ্ডের বর্তমান পরিস্থিতি আরো খারাপ দিকে যাবে, যেখানে মানবিক বিপর্যয়ের সব চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
জাতিসংঘের তথ্যমতে, গাজার ৮৭ শতাংশ এলাকা ইতিমধ্যেই ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে বা দখল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ পেয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে, সামরিক অগ্রগতি হলে ‘বিপর্যয়কর পরিণতি’ আসতে পারে।
শুধু রাশিয়া নয়, বিশ্বজুড়ে বিভিন্ন দেশ গাজা দখল পরিকল্পনাকে তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, এই পরিকল্পনা সংঘাত ও রক্তপাত আরো বাড়াবে। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো অস্ত্রবিরতি, বন্দিমুক্তি এবং মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি তুলেছে।
হামাস, ইরান, সৌদি আরবসহ বহু দেশ এই পরিকল্পনাকে সরাসরি জাতিগত নির্যাতন ও গণহত্যা হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি মিশর, জর্ডান, তুরস্ক, স্পেনসহ আরও অনেক দেশ এটিকে দুই-রাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনি অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপের আহ্বান জানাচ্ছে।