এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
যুক্তরাজ্যের লন্ডনে ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের প্রতিবাদে পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে রেকর্ড সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) ওই বিক্ষোভ থেকে পুলিশ ৪৬৬ জনকে আটক করে, যা আন্দোলনকারীদের ভাষায় লন্ডনে একদিনে সবচেয়ে বড় গণগ্রেপ্তার।
বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়ে এবং ফিলিস্তিন অ্যাকশন গ্রুপের প্রতি সমর্থন প্রকাশ করে বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার হাতে মঞ্চে অবস্থান নেন। অনেকের হাতে ছিল “আমি গণহত্যার বিরোধী, আমি ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি” লেখা পোস্টার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা মাটিতে বসে স্লোগান দেন, “গাজা থেকে হাত সরাও।” পরে পুলিশ তাদের একে একে তুলে নিয়ে যায়। ভিড়ের মাঝে শোনা যায়, “শেম অন ইউ” স্লোগান।
মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রাত ৯টার মধ্যে মোট ৪৬৬ জনকে ফিলিস্তিন অ্যাকশন গ্রুপকে সমর্থন জানানোর অভিযোগে আটক করা হয়েছে। এছাড়া আরও আট জনকে আলাদা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে পাঁচজন পুলিশ কর্মকর্তার ওপর হামলার দায়ে রয়েছে।