ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরাকে লাশ ও ছাঁটাইয়ের স্রোত! তিনজনের মৃত্যু, দুই ব্রিগেড বাতিল—পর্দার আড়ালে চলছে কী?


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

ইরাকে লাশ ও ছাঁটাইয়ের স্রোত! তিনজনের মৃত্যু, দুই ব্রিগেড বাতিল—পর্দার আড়ালে চলছে কী?

ইরাকের রাজধানী বাগদাদে এক সরকারি প্রতিষ্ঠানে পুলিশ ও আধাসামরিক বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন। এই সংঘর্ষে তিনজন নিহত হন এবং প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মিলিশিয়ার উচ্চপদস্থ কমান্ডারদের বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুমোদন দিয়েছেন।

ঘটনাটি ঘটে ২৭ জুলাই বাগদাদের কারখ জেলায় অবস্থিত কৃষি অধিদপ্তরে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক মহাপরিচালককে অপসারণ করে নতুন কর্মকর্তা নিয়োগ দেয়ার পর সশস্ত্র মিলিশিয়া সদস্যরা ওই অফিসে প্রবেশ করে ফেডারেল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।

সরকারি তদন্তে জানা গেছে, অপসারিত ওই সাবেক মহাপরিচালক কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়ার সদস্যদের ডেকে এনে এই হামলার পরিকল্পনা করেছিলেন। শনিবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রীর মুখপাত্র সাবাহ আল-নুমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আল-সুদানি ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কাতাইব হিজবুল্লাহ হলো পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর অংশ, যা মূলত শিয়া সম্প্রদায়ের ইরান সমর্থিত মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত। তারা মূলত আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক দশকেরও আগে সংগঠিত হয়েছিল।

২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে পিএমএফ ইরাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসলেও প্রকৃতপক্ষে তারা অনেকটাই স্বতন্ত্রভাবে কাজ করে থাকে। এমনকি পিএমএফের কিছু গোষ্ঠী সিরিয়ায় মার্কিন সেনাদের ঘাঁটিতে ড্রোন হামলাও চালিয়েছে।

এই ঘটনা ইরাকে নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা যোগ করেছে।