এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম
সৌদি আরবের জাতীয় শিপিং প্রতিষ্ঠান বাহরি ইসরায়েলের উদ্দেশে অস্ত্র পরিবহনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাহরি জানিয়েছে, ‘এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।’
গত ৮ আগস্ট ‘বাহরি ইয়ানবু’ নামের একটি সৌদি জাহাজ ইতালির জেনোয়া বন্দরে ভেড়েছে। জানা যায়, জাহাজটির জেনোয়া থেকে অস্ত্র বোঝাই করা হয়ে আবুধাবিতে পাঠানোর কথা ছিল। কিন্তু বন্দরের কর্মীরা দেখতে পান, জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ ছিল, যা ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো হতে পারে।
এরপর জেনোয়া বন্দরের ৪০ কর্মী জাহাজে প্রবেশ করে অস্ত্রের খোঁজ নেন। অভিযোগ উঠেছে, জাহাজটি ইতালিতে আসার আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থান করেছিল।
বাহরি কম্পানি জোর দিয়ে জানায়, তারা ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের স্থায়ী নীতি এবং সমুদ্র পরিবহন সংক্রান্ত সব স্থানীয় ও আন্তর্জাতিক আইন মেনে চলে। তারা স্পষ্ট করে বলেছে, ‘আমরা কখনো ইসরায়েলে কোনো পণ্য বা চালান পাঠাইনি এবং এমন কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলাম না।’
কম্পানি আরও জানিয়েছে, তাদের সব কার্যক্রম কঠোর নজরদারি ও স্পষ্ট পর্যালোচনা প্রক্রিয়ার অধীনে পরিচালিত হয়, যাতে সব প্রযোজ্য নিয়ম মেনে চলা নিশ্চিত হয়। প্রতিষ্ঠানটি এই ধরনের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার প্রস্তুতিও জানিয়েছে।
ইতালির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জবাবে এই বিবৃতি দেওয়া হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, জেনোয়া বন্দরের শ্রমিকরা বাহরি ইয়ানবু জাহাজ আটক করেছেন, যা নাকি যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের উদ্দেশ্যে অস্ত্র বহন করছিল।