ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় সাংবাদিকদের ‘মৃত্যুর তালিকা’! আল-শিফা হাসপাতালে সরাসরি হামলা, মৃত্যু ও হুমকিতে কাঁপছে মিডিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম

গাজায় সাংবাদিকদের ‘মৃত্যুর তালিকা’! আল-শিফা হাসপাতালে সরাসরি হামলা, মৃত্যু ও হুমকিতে কাঁপছে মিডিয়া

গাজায় সাংবাদিকদের ওপর ভয়াবহ দমন-পীড়ন চালাচ্ছে ইসরায়েল। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, তাদের নাম পরিকল্পিতভাবে হত্যার তালিকায় রাখা হচ্ছে। যুদ্ধক্ষেত্র কভার করা সাংবাদিকরা এখন নজিরবিহীন ঝুঁকির মধ্যে খবর সংগ্রহ করছেন।

যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২৭০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। সর্বশেষ রবিবার, গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে মিডিয়া টেন্টে হামলা চালিয়ে আল-জাজিরার পাঁচ কর্মী নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিবেদক আনাস আল-শরীফ ও মোহাম্মদ কারাকা, ফটোগ্রাফার ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নোফাল। এই ঘটনাই সাংবাদিকদের ওপর বাড়তে থাকা প্রাণঘাতী হুমকির প্রমাণ।

মেহের নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে গাজাভিত্তিক ফটোসাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ আসাদ বলেন, “দুই বছর ধরে চলা এই যুদ্ধে সাংবাদিকরা এমন বাধা ও ঝুঁকির মুখে পড়ছেন, যা বিশ্বের অন্য কোনো সংঘাতময় অঞ্চলে দেখা যায়নি। আমাদের চলাচলের জন্য পর্যাপ্ত যানবাহন ও জ্বালানি নেই, নিরাপত্তা সরঞ্জামও মেয়াদোত্তীর্ণ। সেনারা সরাসরি আমাদের টার্গেট করে। কারও নাম তালিকায় রাখা হয়, আবার কেউ ‘রেড জোন’-এ হেঁটে যাওয়ার সময় গুলিতে মারা যান।”

আসাদ আরও জানান, অনেক সাংবাদিকের বাড়ি ও অফিস ধ্বংস করা হয়েছে, ক্যামেরা ও সরঞ্জাম নষ্ট হয়েছে। সীমান্ত বন্ধ থাকায় ক্ষতিপূরণের কোনো সুযোগ নেই। ইন্টারনেট ব্ল্যাকআউট, মোবাইল চার্জ শেষ হওয়া এবং তীব্র গুলিবর্ষণের কারণে অসংখ্য হত্যাকাণ্ড নথিভুক্ত করাও সম্ভব হচ্ছে না।