এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম
পুতিন ও ট্রাম্পের আলোচিত বৈঠকের ঠিক আগে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র হামলা চালালো। ডোব্রোপিলিয়া ও কোস্টিয়ানটিনিভকার কাছে রুশ সেনারা দ্রুত অগ্রসর হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, মস্কো কিয়েভকে জমি ছাড়ার চাপ দিতে চাচ্ছে। বৈঠকে সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনা হলেও রাশিয়ার লক্ষ্য ডোনেটস্কের অবশিষ্ট অংশ দখল।
পুতিন-ট্রাম্পের বহুল আলোচিত বৈঠকের ঠিক আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা জোরদার হয়েছে। মঙ্গলবার রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের কয়লা খনির শহর ডোব্রোপিলিয়ার কাছে হঠাৎ তীব্র আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। বিশ্লেষকদের ধারণা, এই পদক্ষেপের মাধ্যমে মস্কো কিয়েভকে জমি ছেড়ে দেওয়ার চাপ দিতে চাচ্ছে।
ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘ডিপস্টেট’ তাদের সর্বশেষ মানচিত্রে দেখিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রুশ সেনারা দুটি দিক থেকে অন্তত ১০ কিলোমিটার অগ্রসর হয়েছে। এটি ডোনেটস্ক অঞ্চল দখলের তাদের চলমান অভিযানের অংশ।
খবরে বলা হয়েছে, রুশ বাহিনী ইতোমধ্যেই কোস্টিয়ানটিনিভকা ও পোকরোভস্কের সঙ্গে যুক্ত ফ্রন্টলাইনের তিনটি গ্রামের কাছে পৌঁছে গেছে। কিয়েভের জনবল সংকটকে কাজে লাগিয়ে এলাকাগুলো ঘিরে ফেলতে চাচ্ছে মস্কো।
ডিপস্টেট সতর্ক করে বলেছে, “পরিস্থিতি এখন বেশ জটিল। শত্রুরা প্রতিরক্ষার ফাঁক খুঁজে ভেতরে ঢুকে পড়ছে এবং দ্রুত আরও অগ্রসর হতে সেনা জড়ো করছে।”
এদিকে, শুক্রবার আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়ার কথা। বৈঠকে ইউক্রেন যুদ্ধ শেষ করার সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। তবে কিছু সূত্রের দাবি, পুতিন চান ইউক্রেন ডোনেটস্কের অবশিষ্ট অংশ রাশিয়ার হাতে তুলে দিক।