ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজা গণহত্যার ‘সবচেয়ে বড় দোষ’ মার্কিন যুক্তরাষ্ট্রের: আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্টের বিস্ফোরক অভিযোগ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম

গাজা গণহত্যার ‘সবচেয়ে বড় দোষ’ মার্কিন যুক্তরাষ্ট্রের: আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্টের বিস্ফোরক অভিযোগ

গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রকে আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার হাই কমিশনার মেরি রবিনসন। তার মতে, অযৌক্তিক অজুহাতে গাজার মানুষকে খাদ্য ও সহায়তা থেকে বঞ্চিত রাখা হচ্ছে— যা সরাসরি দুর্ভিক্ষ এবং গণহত্যার সমতুল্য।

রবিনসন সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, “গাজা গণহত্যায় তোমার দেশই সবচেয়ে বেশি জড়িত।”

২০০৭ সালে নেলসন ম্যান্ডেলার উদ্যোগে গঠিত এল্ডার্স গ্রুপ অফ গ্লোবাল লিডারস-এর প্রতিনিধি হিসেবে রবিনসন সোমবার মিসরের রাফা সীমান্ত ক্রসিং পরিদর্শন করেন। আল জাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি গাজার ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দেন।

তিনি বলেন, “অযৌক্তিক ও অগ্রহণযোগ্য কারণে হাজার হাজার ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে না। বাস্তবতা হলো—গাজায় দুর্ভিক্ষ চলছে, মানুষ গণহত্যার শিকার হচ্ছে।”

রবিনসন জানান, তারা আশা করছেন বিশ্বের সব দেশ গাজায় এই হত্যাযজ্ঞ বন্ধে এগিয়ে আসবে। সেই সঙ্গে তিনি স্মরণ করেন আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ ও তার সহকর্মীদের, যারা রাফা সীমান্তে পৌঁছানোর আগেই নিহত হয়েছিলেন।