এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম
সংবাদ সম্মেলনে এক মজার দৃশ্য তৈরি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে খুঁজে বের করতে এদিক-সেদিক তাকিয়ে কয়েকবার ডাকাডাকি করলেন তিনি। হাসি নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন— “কোথায় আমার সুপারস্টার?” হোয়াইট হাউসের এই মুহূর্তের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ট্রাম্প বারবার খোঁজ নিচ্ছেন, “ক্যারোলিন কোথায়? পেছনের দিকে নাকি? কোথায় আমার সুপারস্টার?” ক্যারোলিন চোখে পড়তেই ডাক দিলেন, “এখানে এসো ক্যারোলিন।”
এর আগে ১ আগস্ট ক্যারোলিনের সৌন্দর্য ও বুদ্ধিমত্তার প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, “তিনি এখন তারকা। দেখতে সুন্দরী, বুদ্ধিও আছে। আর ওর ঠোঁট! যেন মেশিনগানের মতো নড়াচড়া করে! তিনি একজন অসাধারণ মানুষ।”
মজার বিষয় হলো, ওই মন্তব্যের ঠিক একদিন আগে ক্যারোলিন বলেছিলেন, ৭৯ বছর বয়সী ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। এবার প্রেস কনফারেন্সে সেই ক্যারোলিনকেই ‘হন্যে হয়ে’ খুঁজলেন প্রেসিডেন্ট। আগেরবার ঠোঁটের প্রশংসা করে সমালোচিত হলেও, এবার ট্রাম্পের এই কাণ্ডে অনলাইনে হাসি আর প্রশংসার ঢেউ উঠেছে।