ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর তীব্র ভাষায় নেতানিয়াহুকে তিরস্কার! 'গাজায় অতিরিক্ত বাড়াবাড়ি করছেন, পথ হারিয়েছেন ইসরায়েলি নেতা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর তীব্র ভাষায় নেতানিয়াহুকে তিরস্কার! 'গাজায় অতিরিক্ত বাড়াবাড়ি করছেন, পথ হারিয়েছেন ইসরায়েলি নেতা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। ১৩ আগস্ট এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে লুক্সন বলেন, "নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন এবং গাজায় যুদ্ধ চালিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছেন।"

লুক্সন তার বক্তব্যে আরও যোগ করেন, "গাজায় যা ঘটছে তা ভয়াবহ। নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা সম্পূর্ণ উপেক্ষা করছেন, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।"

আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আহ্বান ক্রমশ জোরালো হলেও নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তিনি গাজা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন এবং হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন। তার দাবি, "এটাই যুদ্ধ শেষ করার সেরা উপায়।"

জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইসরায়েলের অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধার সৃষ্টি হচ্ছে, যা ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি বাড়াচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে।

এদিকে নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারা খুব শীঘ্রই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোর পথ অনুসরণ করেই তারা এই সিদ্ধান্ত নিতে পারে।

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, "প্রশ্ন এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেব কি দেব না, তা নয়; বরং কখন দেব, সেটাই আলোচ্য বিষয়।" তিনি জানান, সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভা এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে, নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলি টিভি চ্যানেল আই-২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি মিসর ও জর্ডানের কিছু অংশসহ সমগ্র ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে একটি "বৃহত্তর ইসরায়েল" গঠন করতে চান। তিনি এটিকে তার "ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন" বলে অভিহিত করেছেন। এই মন্তব্যে ইতিমধ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে জর্ডান সরকার।