এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
দক্ষিণ এশিয়ায় ফের যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে! মাত্র তিন মাস আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থেমে যাওয়া ভারত-পাকিস্তান সংঘাত আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এবার উত্তেজনার কেন্দ্রবিন্দু—সিন্ধু নদের পানি বণ্টন ইস্যু।
ঘটনার সূচনা মঙ্গলবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কড়া হুঁশিয়ারি দিয়ে। পরদিনই সীমান্তে ঘটে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে প্রাণ হারান এক ভারতীয় সেনা। আহতদের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বুধবার জম্মু ও কাশ্মীরের উড়ি এলাকায় পাকিস্তান সীমান্তের কাছে সংঘর্ষ শুরু হয়। ভারতের অভিযোগ—প্রথমে পাকিস্তানের দিক থেকে গুলি চালানো হয়, এরপর উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলে।
মাত্র তিন মাস আগের সংঘাতে পাকিস্তানের তুলনায় ভারতের ক্ষয়ক্ষতি ছিল ২২ গুণ বেশি। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই অনেকে আশঙ্কা করছেন—এবার কি দুই দেশ সরাসরি ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়তে চলেছে?
ভারতীয় সেনা সূত্র জানায়, ১২ আগস্ট গভীর রাতে একদল অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। তাদের সহায়তা করছিল পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ। ভারতীয় সেনারা পাল্টা আক্রমণ চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, আর তাতেই এক ভারতীয় সেনা গুরুতর আহত হয়ে মারা যান। এর আগেও কাশ্মীরের পেহলগামে অনুরূপ ঘটনা ঘটেছিল।
এদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সরাসরি হুমকি দিয়েছেন—সিন্ধু নদে ভারত বাঁধ নির্মাণ করলে ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করা হবে। এমনকি তিনি সতর্ক করেছেন, ভারত যদি এই পরিকল্পনা থেকে না সরে, তবে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে নয়াদিল্লিকে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে ভারত-পাকিস্তান আবারও ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তবে এর পরিণতি কতটা ভয়ংকর হবে, তা সময়ই বলে দেবে।