এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
গাজায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে এবার সরাসরি কড়া অবস্থান নিয়েছে নরওয়ে—যা বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত। দেশটির ঘোষণা স্পষ্ট—ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়ের মাটিতে পা রাখলেই গ্রেফতার হবেন!
বুধবার এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। বিষয়টির পেছনে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। ২০২৪ সালের ২১ নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।
নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ গত মঙ্গলবার সাংবাদিকদের জানান, তার দেশ আইসিসির এই পরোয়ানা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি সোজাসাপ্টা বলেন—নেতানিয়াহু যদি নরওয়েতে নামেন, সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হবে।
ক্রাভিচ আরও ব্যাখ্যা করেন, আইসিসির সদস্য দেশ হিসেবে নরওয়ের ওপর এই সিদ্ধান্ত কার্যকর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এটি শুধু আইনের প্রতি নয়, আন্তর্জাতিক অপরাধের দায়ে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার প্রতি নরওয়ের দৃঢ় সমর্থনের প্রমাণও বটে।
আইসিসির এই রায়ের পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে দায়বদ্ধতা নিশ্চিত করতে আইসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের মে মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান নেতানিয়াহু, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে গত ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
নরওয়ের এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে, বিশেষত যখন গাজা যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।