এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
ইসরাইলে অস্ত্র রপ্তানি আংশিক বন্ধের সিদ্ধান্ত নেওয়ার মাত্র কয়েক দিন পরই দেশটিকে ৫০০ মিলিয়ন ইউরো (প্রায় ৭ হাজার ১১৮ কোটি টাকা) মূল্যের একটি সাবমেরিন সরবরাহ করতে যাচ্ছে জার্মানি। এই সিদ্ধান্তে জার্মান সরকার এখন সমালোচনার মুখে।
বার্লিনভিত্তিক সংবাদমাধ্যম 'তাজ' এবং তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই জার্মানি এই সাবমেরিন রপ্তানির অনুমোদন দিয়েছে। জানা গেছে, এই সাবমেরিন কেনার চুক্তি হয়েছিল ২০১২ সালে, আর ২০২৩ সালে জার্মানির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল রপ্তানির অনুমতি দেয়।
সমালোচকদের সংগঠন শেয়ারহোল্ডারদের একটি গ্রুপ জানিয়েছে, সাবমেরিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান থিসেনক্রুপের পরিচালনা বোর্ড গত শুক্রবার তাদের একটি বিশেষ সভায় এই রপ্তানি নিশ্চিত করেছে।
তবে মজার বিষয় হলো, যখন বার্লিনে সরকারি প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন জার্মান অর্থনীতি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই বিশেষ ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।
কেন এত সমালোচনা?
জার্মানির এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানে ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। অনেক দেশই ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে জার্মানির এই পদক্ষেপকে অনেকেই 'দ্বিচারিতা' বলে অভিহিত করছেন।