এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র নাকি বসেছে এক টেবিলে—আর সেখানে উঠে এসেছে এক চমকপ্রদ প্রস্তাব! যুক্তরাজ্যের দ্য টাইমস জানাচ্ছে, তারা ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল কপি করতে চাইছে ইউক্রেনের জন্য।
পরিকল্পনা অনুযায়ী, রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেমন ইসরায়েল ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখল করেছিল।
এই প্রস্তাব আসে কয়েক সপ্তাহ আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি দূত স্টিভ উইটকফ ও রুশ কর্মকর্তাদের আলোচনায়। উইটকফ, যিনি মধ্যপ্রাচ্যেও শান্তি প্রচেষ্টায় যুক্ত, এই ধারণাকে সমর্থন করেন। মার্কিন পক্ষ মনে করছে—এই মডেল হলে ইউক্রেন গণভোট ছাড়াই সাংবিধানিক বাধা এড়িয়ে যেতে পারবে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন—তিনি কোনো ভূখণ্ড ছাড়বেন না। তা সত্ত্বেও, এই ‘অকুপেশন মডেল’ অন্তত যুদ্ধবিরতি আনতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
পরিকল্পনা অনুসারে, ইউক্রেনের আন্তর্জাতিক সীমানা অপরিবর্তিত থাকবে, কিন্তু দখলকৃত অঞ্চল কার্যত রাশিয়ার হাতে চলে যাবে—যেভাবে পশ্চিমতীর ৫৮ বছর ধরে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
শুক্রবার আলাস্কায় সম্ভাব্য ট্রাম্প-পুতিন বৈঠকের আগে হোয়াইট হাউসে এক সূত্র মন্তব্য করে—
“এটা হবে পশ্চিমতীরের মতো—একজন গভর্নর থাকবে, অর্থনীতি রাশিয়ার সঙ্গে যুক্ত হবে, কিন্তু নাম থাকবে ইউক্রেন। সার্বভৌমত্ব থাকবে কাগজে, কিন্তু বাস্তবে থাকবে রুশ দখল।”
আন্তর্জাতিক বিচার আদালত পশ্চিমতীর দখলকে অবৈধ ঘোষণা করলেও যুক্তরাষ্ট্র তা মানে না, রাশিয়া মানে আংশিকভাবে। একইভাবে ২০২২ সালের মার্চে আদালত ইউক্রেনে রুশ অভিযান বন্ধের নির্দেশ দিলেও রাশিয়া তা উপেক্ষা করেছে।
মার্কিন বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এবং অন্যান্য দেশের রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে না যাওয়ার প্রবণতাকে প্রতিফলিত করে। এখন শুধু রুশ দখলের সীমানা ঠিক করাই বাকি—আর বৈঠকের আগে পুতিন যতটা সম্ভব এলাকা দখলে নিতে চাইবেন।