ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েলি মন্ত্রীর ভয়ংকর ঘোষণা: “ফিলিস্তিন চিরতরে কবর দেওয়া হবে”, নতুন বসতি পরিকল্পনা নিয়ে তোলপাড়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

ইসরায়েলি মন্ত্রীর ভয়ংকর ঘোষণা: “ফিলিস্তিন চিরতরে কবর দেওয়া হবে”, নতুন বসতি পরিকল্পনা নিয়ে তোলপাড়

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচের সাম্প্রতিক ঘোষণায় মধ্যপ্রাচ্যের রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার রাতে তিনি জানালেন—অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ৩ হাজারের বেশি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন দিয়েছেন। তার দাবি, এই পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্নকে “চিরতরে কবর” দেবে। কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, এটি স্বাধীন ফিলিস্তিনের কফিনে শেষ পেরেকের সমতুল্য।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াই-নেট জানিয়েছে, পরিকল্পনায় পশ্চিমতীরের মা’আলে আদুমিম এলাকায় ৩,৪০১টি নতুন আবাসিক ইউনিট তৈরি হবে। মানবাধিকার সংস্থা পিস নাউ জানিয়েছে, মোট ৪,০৩০টি নতুন ইউনিটের অনুমোদন মিলেছে। তাদের মতে, প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে কেটে যাবে, যা রামাল্লাহ, পূর্ব জেরুজালেম ও বেথেলহেমের সংযোগ ও উন্নয়ন পুরোপুরি ব্যাহত করবে।

যদিও আনুষ্ঠানিক অনুমোদন এখনো নিশ্চিত হয়নি, স্মতরিচ দাবি করেছেন—প্রকল্প বাস্তবায়ন হবেই। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই এলাকা ছাড়া পূর্ব জেরুজালেমকে রাজধানী করে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গড়া অসম্ভব।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে আরও উস্কানিমূলক মন্তব্য করেছেন। তিনি বলেন, চাইলে ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান শহর ড্রেসডেনে যেমন বোমাবর্ষণ হয়েছিল, তেমনভাবে ফিলিস্তিনিদের ওপরও বোমা ফেলতে পারে। সাংবাদিক প্রশ্ন করলে— “তাহলে গাজা ও হামাসকে মানচিত্র থেকে মুছে ফেলছেন না কেন?”— নেতানিয়াহুর জবাব, “আমরা চাইলে অনাহারেও তাদের মারতে পারি। শুধু সন্ত্রাসীদের টার্গেট করেই হামলা চালাই— তাই গাজায় এখনো কেউ বেঁচে আছে।”