এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ আলাস্কায় মুখোমুখি হচ্ছেন। প্রায় চার বছর পর দুই দেশের ক্ষমতাসীন নেতাদের মধ্যে এ ধরনের বৈঠক হতে যাচ্ছে, যা নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ তুঙ্গে।
হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটি থেকে আলাস্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। স্থানীয় সময় বিকেল ৩টায় অ্যাঙ্কারেজের এলমেনডর্ফ–রিচার্ডসন যৌথ বিমানঘাঁটিতে বৈঠক শুরু হওয়ার কথা। রাত পৌনে ১০টার দিকে ট্রাম্প ওয়াশিংটনে ফিরবেন।
ট্রাম্পের বক্তব্য: ইউক্রেন নয়, মূল লক্ষ্য পুতিনকে আলোচনায় আনা
বৈঠকের আগে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তির মধ্যস্থতা করতে আসেননি। তার মতে, ইউক্রেন ইস্যুতে নেতৃত্ব দিতে হবে ইউরোপকেই। তিনি আরও বলেন,
“আমি নিজের স্বার্থে যুদ্ধ থামাতে চাই না, আমি চাই অনেক মানুষের জীবন বাঁচুক। তবে যদি পুতিন রাজি না হন, রাশিয়াকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।”
এছাড়া ট্রাম্প নিশ্চিত করেছেন, ন্যাটোতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই।
রাশিয়ার সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে ইঙ্গিত
আলাস্কায় যাওয়ার পথে ট্রাম্প জানান, পুতিন অনেক রুশ ব্যবসায়ীকে সঙ্গে এনেছেন, যা তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন—যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত রাশিয়া কোনো স্বাভাবিক বাণিজ্য সুবিধা পাবে না। আলোচনায় অগ্রগতি হলে বাণিজ্যের প্রসঙ্গ আসতে পারে।
রাশিয়ার অবস্থান
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, এ বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের নির্দিষ্ট অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করবে। তবে ফলাফল নিয়ে তিনি আগে থেকে কিছু বলতে চাননি। পুতিন ইতোমধ্যে আলাস্কায় পৌঁছেছেন। এর আগে তিনি রাশিয়ার মাগাদান শহরে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং একটি শিল্প কারখানা ঘুরে দেখেন।
ইউক্রেনের আশা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, আলাস্কার এই বৈঠক শান্তির পথে বাস্তব অগ্রগতি আনতে পারে। তিনি বলেছেন,
“যুদ্ধ শেষ করার সময় এসেছে। রাশিয়াকে পদক্ষেপ নিতে হবে। আমরা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছি।”
বিশ্লেষকরা বলছেন, যদিও ট্রাম্প ইউক্রেনকে আলোচনার মূল এজেন্ডায় রাখেননি, তবু এই বৈঠক ভবিষ্যতের কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে।