এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ০৩:০৮ পিএম
ইসরায়েলের চরমপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির এবার সরাসরি কারাগারে ঢুকে ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুতিকে হুমকি দিয়েছেন! শুক্রবার এক্স (টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, বেন-গাভির বারগুতিকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় বলছেন, "যে ইসরায়েলকে হুমকি দেবে, তাকে আমরা ধ্বংস করে দেব!"
ভিডিওটিতে বারগুতিকে অনেকটা দুর্বল ও রোগা অবস্থায় দেখা গেছে। বেন-গাভির স্পষ্ট ভাষায় তাকে বলেছেন, "তুমি কখনোই জিততে পারবে না। আমাদের কোনো সন্তান বা নারীকে হত্যা করলে, আমরা তোমাদের নিশ্চিহ্ন করে দেব।"
এই ঘটনার ঠিক আগের দিন ইসরায়েলের অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ একটি বিতর্কিত ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছেন, পশ্চিম তীরকে এমনভাবে ভাগ করা হবে যাতে তা পূর্ব জেরুজালেম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের স্বপ্ন "চিরতরে কবরে চাপা পড়বে" বলে মন্তব্য করেন তিনি।
মারওয়ান বারগুতি ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের একজন শীর্ষ নেতা। ২০০৪ সালে দ্বিতীয় ইন্তিফাদার সময় ইসরায়েলি নাগরিকদের উপর হামলার পরিকল্পনার অভিযোগে তাকে ৫টি যাবজ্জীবন কারাদণ্ড এবং বাড়তি ৪০ বছরের সাজা দেওয়া হয়।