এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ০৩:০৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল প্রতীক্ষিত বৈঠক আজ শুক্রবার আলাস্কায়। ছয় বছর পর এই প্রথম তারা সরাসরি মুখোমুখি হচ্ছেন। ট্রাম্প ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন— "আশা করি পুতিন এই বৈঠকে কোনো ঝামেলা করবেন না।"
বিবিসির খবর অনুযায়ী, এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি। জেলেনস্কি সতর্ক করে বলেছেন, "আমার না থাকায় নেওয়া সিদ্ধান্তগুলো অর্থহীন হয়ে যাবে।"
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন, বৈঠকে রাশিয়া "পরিষ্কার ও সহজবোধ্য" অবস্থান তুলে ধরবে। বৈঠক সফল হবে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা আগে থেকে কিছু প্ল্যান করি না।" তবে তিনি স্বীকার করেছেন, গত মাসে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফর করেছিলেন, তখন গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। সেই আলোচনা এই বৈঠকে কাজে লাগবে।
এর আগে ট্রাম্প স্পষ্ট করে বলেছিলেন, "পুতিন যদি যুদ্ধ বন্ধে রাজি না হন, তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে।" অন্যদিকে, ট্রাম্পের ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব নিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হেলি বলেছেন, "শুক্রবারের বৈঠক যুদ্ধ বন্ধে সাহায্য করতে পারে।" ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে তিনি মন্তব্য করেন, "ট্রাম্প যা করতে পারেন, তা-ই করছেন। এখন চাপ পুতিনের ওপর।"
ডি-ডে’র ৮০তম বার্ষিকীতে দেওয়া ভাষণে হেলি আরও বলেন, "ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে— যুদ্ধ কোনো সমাধান দেয় না। শেষ পর্যন্ত শান্তি আসে আলোচনা আর কূটনীতির মাধ্যমেই।"