ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হিলারি ক্লিনটনের চাঞ্চল্যকর মন্তব্য: ইউক্রেন শান্তি আনলে ট্রাম্প জিততে পারেন নোবেল!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২৫, ০৩:০৮ পিএম

হিলারি ক্লিনটনের চাঞ্চল্যকর মন্তব্য: ইউক্রেন শান্তি আনলে ট্রাম্প জিততে পারেন নোবেল!

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত রয়েছে—এ সমঝোতা যেন রাশিয়া বা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।

‘রেজিং মডারেটস’ পডকাস্টে হিলারি বলেন, আলাস্কার আসন্ন বৈঠক একটি বড় সুযোগ এনে দিয়েছে। তিনি বলেন, “সত্যি বলতে, যদি ট্রাম্প এই ভয়াবহ যুদ্ধ শেষ করতে পারেন এবং তা এমনভাবে হয় যে ইউক্রেনকে আক্রমণকারী পক্ষের কাছে কোনো ভূখণ্ড ছাড়তে না হয়; যদি তিনি সত্যিই পুতিনের সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন—যা আমরা এখনো দেখিনি—তাহলে হয়তো এ মুহূর্তটাই সুযোগ।”

হিলারি আরও যোগ করেন, “যদি প্রেসিডেন্ট ট্রাম্প এই উদ্যোগের স্থপতি হন, আমি তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেব। কারণ আমার লক্ষ্য হলো—পুতিনের কাছে আত্মসমর্পণ রুখে দেওয়া।”

নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে পরিচয় দেওয়া ট্রাম্প বহুবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। উল্লেখযোগ্য, এ পুরস্কার আগেও কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট পেয়েছেন, যার মধ্যে রয়েছেন বারাক ওবামাও।

সংবাদ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানীয় সময় আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় অনুযায়ী, বৈঠকটি শুক্রবার রাত দেড়টায় অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত বেরিয়ে আসবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে।