ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হ্যারিকেন অ্যারিন দ্রুত শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বিপদের মুখে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২৫, ০৩:০৮ পিএম

হ্যারিকেন অ্যারিন দ্রুত শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বিপদের মুখে

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রাণঘাতী ঝড়ের সতর্ক সংকেত জারি করা হয়েছে। হ্যারিকেন অ্যারিন মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বা ২৬০ কিমি। ঝড়ের কারণে সমুদ্র সৈকতে বিপজ্জনক রিপ কারেন্ট এবং বড় ঢেউ তৈরি হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঝড়টি বর্তমানে ক্যারিবীয় সাগরে অবস্থান করছে এবং লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর অংশ অতিক্রম করবে। এতে ৬ ইঞ্চি পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।

ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানিয়েছেন, ঝড়টি রাতারাতি “অত্যন্ত শক্তিশালী” হয়ে গেছে। মাত্র ২৪ ঘণ্টায় বাতাসের গতিবেগ ১০০ মাইল থেকে বেড়ে ১৬০ মাইল বা ২৬০ কিমি হয়েছে।

ব্রেনান সতর্ক করেছেন, ফ্লোরিডা এবং মিড-অ্যাটলান্টিক অঙ্গরাজ্যে ঢেউ সবচেয়ে বিপজ্জনক হবে। বারমুডাতেও ভারী বৃষ্টি এবং প্রাণঘাতী ঢেউ-এর আশঙ্কা রয়েছে। প্রবল বাতাসের কারণে কোস্টগার্ড ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর কয়েকটি বন্দরে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।

মার্কিন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড এটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরের মতো এবারও আটলান্টিক মহাসাগরে শক্তিশালী হ্যারিকেনের সংখ্যা বেশি হতে পারে।