ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কারাগারে গিয়ে ফিলিস্তিনি নেতাকে হুমকি দিলেন ইসরাইলি মন্ত্রী! ভিডিও ভাইরাল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

কারাগারে গিয়ে ফিলিস্তিনি নেতাকে হুমকি দিলেন ইসরাইলি মন্ত্রী! ভিডিও ভাইরাল

ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সরাসরি কারাগারে গিয়ে বিশিষ্ট ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘৌতিকে হুমকি দিয়েছেন। শুক্রবার ১৫ আগস্ট প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বেন-গভির তাকে বলেন—“তুমি জিততে পারবে না।”

এই ঘটনা সামনে আসে মাত্র একদিন পর, যখন আরেকজন কট্টরপন্থি মন্ত্রী ঘোষণা দেন—ইসরাইলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকেই কবর দেবে।

বেন-গভির নিজের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “যে কেউ ইসরাইলকে হুমকি দেবে, আমাদের শিশু বা নারীদের হত্যা করবে—আমরা তাকে নিশ্চিহ্ন করে দেব।” ভিডিওতে বারঘৌতিকে দুর্বল ও রোগা দেখা যায়। তবে বেন-গভির তার বক্তব্য শোনানোর পর বারঘৌতির জবাব অংশ কেটে বাদ দেন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, আর বেন-গভিরের মুখপাত্রও প্রতিক্রিয়া দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে, “রিমন কারাগারের নির্জন কক্ষে গিয়ে বেন-গভিরের হুমকি সরাসরি ফিলিস্তিনি জনগণ ও তাদের নেতৃত্বকে ভয় দেখানোর প্রচেষ্টা।”

মারওয়ান বারঘৌতি ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী বন্দি নেতাদের একজন। ২০০৪ সালে দ্বিতীয় ইন্তিফাদার সময় একাধিক হামলার দায়ে তাকে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড ও অতিরিক্ত ৪০ বছরের সাজা দেওয়া হয়। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি কারাগারে আছেন।