এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত আলাস্কা বৈঠক ইউক্রেন যুদ্ধ থামাতে কোনো চুক্তি আনতে পারেনি। তবে ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির চাবিকাঠি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে।
শুক্রবার প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এখন মূল দায়িত্ব জেলেনস্কির। ইউরোপীয় দেশগুলো অবশ্যই ভূমিকা রাখতে পারে, তবে শেষ পর্যন্ত নিষ্পত্তি করতে হবে তাকেই।” তিনি আরও জানান, জেলেনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি আলোচনার পরিকল্পনা হচ্ছে এবং সেই বৈঠকে তিনি নিজেও থাকতে পারেন।
চুক্তি না হলেও বৈঠককে ‘সফল’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “আমরা অনেক বিষয়ে একমত হয়েছি।” পুতিনও যৌথ সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন, আলোচনায় কিছুটা হলেও ‘বোঝাপড়া’ তৈরি হয়েছে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একেবারেই ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি অভিযোগ করেছেন, বৈঠকের দিনও রাশিয়া পূর্ব ইউক্রেনে হামলা চালিয়েছে। টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, “আলোচনার দিনেও হত্যা চলেছে। যুদ্ধ থামেনি, কারণ মস্কো আসলে এর শেষ চাইছে না।”
জেলেনস্কি স্পষ্ট করে বলেন, “এই যুদ্ধ শুরু করেছে রাশিয়াই, তাই শেষ করাও তাদের দায়িত্ব। কিন্তু ইউক্রেন ছাড়া কোনো আলোচনার মাধ্যমে শান্তি আসবে না।