এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘ভূখণ্ড ছাড়’ প্রস্তাবে রাজি হয়েছেন। শুক্রবার আলাস্কায় তিন ঘণ্টার দীর্ঘ বৈঠকের পর ফক্স নিউজের জনপ্রিয় টক শো শন হ্যানিটিতে ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
ট্রাম্প বলেন, “পুতিনের সঙ্গে আমি একমত। ইউক্রেন যদি কিছু ভূখণ্ড রাশিয়াকে ছাড়ে, তাহলে যুদ্ধ থেমে যাবে। এ ব্যাপারে ইউক্রেনকেও রাজি হতে হবে।”
এদিকে ট্রাম্প-পুতিনের এই বৈঠককে ‘লজ্জাজনক’ বলেছে ইউক্রেনের নাগরিকরা। রাজধানী কিয়েভের ইনডিপেনডেন্স স্কোয়ারে দাঁড়িয়ে ইউরি রোমানচেঙ্কো বলেন, “এটা আসলে পুতিনের জন্য আয়োজন করা হয়েছে। তাকে আবারও বিশ্বমঞ্চে ফিরিয়ে আনা হলো, লালগালিচায় স্বাগত জানানো হলো। আমেরিকানদের জন্য আমি লজ্জিত। তারা প্রথম থেকেই আমাদের পাশে থেকেছে, কিন্তু আজ তাদের প্রেসিডেন্টকে দেখলাম—পুতিনের সামনে তিনি দুর্বল।”
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভেও প্রতিক্রিয়া তীব্র। স্থানীয় থিয়েটার ম্যানেজার নেব্রোয়েভ বলেন, “আমি প্রত্যাশিত ফলই দেখেছি। এটা পুতিনের জন্য বড় এক কূটনৈতিক জয়। কিন্তু বৈঠকটা পুরোপুরি অর্থহীন। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে, অথচ আমাদের প্রেসিডেন্টকেই ডাকা হয়নি।”
অন্যদিকে খারকিভের ফটোগ্রাফার ইরিনা দেরকাচ জানান, “প্রতিদিনই শহরে গোলাবর্ষণ চলছে। আলোচনায় কোনো পরিবর্তন আসেনি। তবে আমরা বিশ্বাস করি জয় আসবেই—কিন্তু সেটা কে এনে দেবে, সেটা শুধু ঈশ্বরই জানেন।” এক মিনিটের নীরবতায় শহীদদের স্মরণ করার পর তিনি বলেন, “আমরা আশা হারাই না, সাহায্য করি, কাজ চালিয়ে যাই। ট্রাম্প কী করছেন—তা নিয়ে ভাবি না।