ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক শুরু! রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বড় চমক আসছে কি? উপস্থিত ইউরোপ-ন্যাটোর শীর্ষ নেতারাও


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৫, ০৪:০৮ পিএম

হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক শুরু! রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বড় চমক আসছে কি? উপস্থিত ইউরোপ-ন্যাটোর শীর্ষ নেতারাও

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে বহুল প্রতীক্ষিত বৈঠক শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে। স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে হোয়াইট হাউসে শুরু হয় এই বৈঠক।

জেলেনস্কির আগমন
জেলেনস্কি রবিবার রাতেই ওয়াশিংটনে পৌঁছান। এরপর সোমবার দুপুর ১টা ১৩ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন তিনি।

কারা আছেন এই বৈঠকে
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে জেলেনস্কির সঙ্গে আছেন ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রিয়ে ইয়েরমাক এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বর্তমান জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান রুস্তেম উমেরভ।
অন্যদিকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।

পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার জেলেনস্কি
এর আগে গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। আলাস্কার একটি মার্কিন সেনাঘাঁটিতে অনুষ্ঠিত সেই বৈঠকের মাত্র তিন দিনের মাথায় এবার হোয়াইট হাউসে মুখোমুখি বসেছেন জেলেনস্কির সঙ্গে। দুই বৈঠকের একই ইস্যু—রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান।

ওয়াশিংটনে ইউরোপ-ন্যাটো নেতাদের সমাগম
ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ঘিরে ওয়াশিংটনে জড়ো হয়েছেন ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের রাষ্ট্র/সরকারপ্রধানসহ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তারা। সোমবারের বৈঠকের আগে তাদের সঙ্গেও আলোচনা করেছেন জেলেনস্কি।

ট্রাম্পের ব্যস্ত সূচি
শিডিউল অনুযায়ী, জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ট্রাম্পের বৈঠক হবে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে। ফলে আজকের বৈঠককে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ও প্রত্যাশা।