ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

স্পট ফিক্সিং বিতর্কে ঢাকা ক্যাপিটালসের স্পষ্ট বার্তা: প্রমাণ ছাড়া কোনো দায় গ্রহণ হবে না!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

স্পট ফিক্সিং বিতর্কে ঢাকা ক্যাপিটালসের স্পষ্ট বার্তা: প্রমাণ ছাড়া কোনো দায় গ্রহণ হবে না!

বিপিএলের স্পট ফিক্সিং তদন্তে অভিযুক্ত হিসেবে নাম ওঠার পর ঢাকা ক্যাপিটালস আজ প্রকাশ করেছে বিশেষ বিবৃতি। ফেসবুকে জানানো হয়েছে, তদন্ত কমিটির সঙ্গে তারা সবসময় সহযোগিতা করছে। কোনো প্রমাণ ছাড়া ম্যানেজমেন্টকে দায়ী করা ভুল এবং অসম্মানজনক। দল সততা, স্বচ্ছতা ও ফেয়ার প্লেতে বিশ্বাসী এবং তরুণ ক্রিকেটারদের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১৮ আগস্ট) থেকে দেশের ক্রিকেটে উত্তেজনা তৈরি হয়েছে। বিপিএলের স্পট ফিক্সিং তদন্তে বিসিবি গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। এরই মধ্যে অভিযুক্ত হিসেবে তিনটি ফ্র্যাঞ্চাইজির নাম সামনে এসেছে, যার মধ্যে ঢাকা ক্যাপিটালসও রয়েছে।

এ বিষয়ে আজ ঢাকা ক্যাপিটালস তাদের ফেসবুক পেজে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু থেকেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি। তাঁরা যখন যে তথ্য চেয়েছেন, আমরা তা সবসময় সরবরাহ করেছি। তদন্তপ্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব।”

ঢাকা ক্যাপিটালস আরও জানিয়েছে, “আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্টভাবে জানিয়েছি, যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে আমরা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো আমাদের এবং আমাদের পার্টনারদের জন্য গভীরভাবে অসম্মানজনক।”

বিবৃতিতে উল্লেখ করা হয়, “স্পট ফিক্সিং মূলত ব্যক্তিপর্যায়ের বিষয়। কোনো ক্রিকেটার এর সাথে জড়িত কি না, তা আমাদের পূর্ব থেকে জানা সম্ভব নয়।”

ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। দল সততা, স্বচ্ছতা ও ফেয়ার প্লেতে বিশ্বাসী। তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে তারা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। ইনশা আল্লাহ, একদিন সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেবো।