এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে সম্মত হয়েছেন। তিনি এ ঘটনাকে যুদ্ধ পরিস্থিতিতে “মোড় ঘোরানো একটি ঘটনা” হিসেবে বর্ণনা করেছেন।
গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হয়। অনেকের প্রত্যাশা ছিল, সেখানে কোনো শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি ঘোষিত হবে। তবে বৈঠক শেষে পুতিন কোনো চুক্তি ছাড়াই মস্কো ফিরে যান। ট্রাম্প তখন বলেন, যুদ্ধ থামানোর চূড়ান্ত সিদ্ধান্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যেই হতে হবে।
এরপর সোমবার ওয়াশিংটনে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপীয় নেতারাও উপস্থিত থাকবেন। তাদের মূল আহ্বান—যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক।
উইটকফ জানিয়েছেন, পুতিন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোর অনুচ্ছেদ-৫-এর মতো ভাষা ব্যবহার করতে রাজি হয়েছেন। ন্যাটোর ওই অনুচ্ছেদে বলা আছে, জোটভুক্ত কোনো দেশ আক্রমণের শিকার হলে বাকিরা প্রতিরক্ষায় এগিয়ে আসবে। দীর্ঘদিন ধরে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চেয়েছে, তবে রাশিয়ার কড়া আপত্তি রয়েছে।
উইটকফ আশাবাদ ব্যক্ত করে বলেন, আলাস্কা থেকে ফেরার পথে জেলেনস্কির সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে। তাই সোমবারের ট্রাম্প–জেলেনস্কি বৈঠক ইতিবাচক ও ফলপ্রসূ হওয়ার আশা করছেন তিনি।