এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠকের ঠিক আগে, রাশিয়া থেকে ইউরোপে তেল সরবরাহকারী ‘দ্রুজবা পাইপলাইন সিস্টেম’-কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। হামলার কারণে পাইপলাইনে তেল সরবরাহ বন্ধ রয়েছে।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিজ্জার্তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হামলাকে অগ্রহণযোগ্য এবং অত্যন্ত ক্ষোভজনক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “আমাদের জ্বালানি নিরাপত্তাকে লক্ষ্য করে এ ধরনের হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য। রাশিয়া-ইউক্রেন সংঘাত আমাদের কোনো ব্যাপার নয়। তাহলে আমাদের কেন লক্ষ্যবস্তু করা হবে?”
পাইপলাইনটির মাধ্যমে রাশিয়া ও কাজাখস্তান থেকে চেক রিপাবলিক, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়ায় সরাসরি তেল পাঠানো হয়। এটি ইউরোপের দীর্ঘতম তেল পাইপলাইন এবং হাঙ্গেরি অংশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। জিজ্জার্তো জানিয়েছেন, রুশ এবং হাঙ্গেরীয় প্রকৌশলীরা ইতোমধ্যেই পাইপলাইন মেরামতের কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউরোপের অধিকাংশ দেশ ইউক্রেনের পাশে থাকলেও হাঙ্গেরি নিরপেক্ষ অবস্থান নিয়েছে। পাশাপাশি তারা প্রকাশ্যে ইউক্রেনের পক্ষ নেওয়ার জন্য ইইউ’র সমালোচনাও করেছে।
এ হামলা এক নজির নয়; ২০২৩ সালে ইউক্রেন নর্থ স্ট্রিম পাইপলাইনে হামলা চালিয়ে রাশিয়া থেকে ইউরোপে সরাসরি গ্যাস সরবরাহ বন্ধ করেছিল। সেই পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, স্লোভাকিয়া, বসনিয়া ও হার্জেগোভিণা এবং গ্রিসে সরাসরি রাশিয়ান গ্যাস পৌঁছাতো।