এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম
রাশিয়ার প্রতি নতুন হুঁশিয়ারি দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার ওপর সম্ভাব্য বিপদ নেমে আসতে পারে।
শুক্রবার আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠক করার পর, সোমবার হোয়াইট হাউসে আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের নিয়ে বৈঠক করেন ট্রাম্প। দিনভর আলোচনার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঠোর বার্তা দেন ম্যাক্রোঁ।
তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদী যে একটি চুক্তি হবে, পুতিনও শান্তি চান। কিন্তু যদি এই প্রক্রিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হয়, তবে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া বিকল্প থাকবে না।”
ওয়াশিংটনে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে।
ম্যাক্রোঁ আরও বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা জরুরি। শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের বাহিনী বা অস্ত্রের সক্ষমতায় কোনো সীমাবদ্ধতা থাকা উচিত নয়।
তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ট্রাম্প, পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক হতে পারে। তার মতে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এই বৈঠকের সম্ভাবনা রয়েছে।