ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরান থেকে বিতাড়িত আফগানদের ট্রাজেডি: হেরাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৭ শিশুসহ ৭১ নিহত, কাবুল ফেরার পথে ঘন ঘন মারাত্মক দুর্ঘটনার সতর্কবার্তা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

ইরান থেকে বিতাড়িত আফগানদের ট্রাজেডি: হেরাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৭ শিশুসহ ৭১ নিহত, কাবুল ফেরার পথে ঘন ঘন মারাত্মক দুর্ঘটনার সতর্কবার্তা

আফগানিস্তানের পশ্চিম প্রদেশ হেরাতে ভয়াবহ একটি বাস দুর্ঘটনায় ১৭ শিশুসহ কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি মঙ্গলবার (১৯ আগস্ট) ঘটেছে, যখন একটি যাত্রীবাহী বাস ট্রাক এবং মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর আগুনে ঝলসে যায়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই বাসে থাকা সবাই সম্প্রতি প্রতিবেশী ইরান থেকে বিতাড়িত আফগানরা ছিলেন।

হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানিয়েছেন, বাসটি ইরান থেকে কাবুলের দিকে আসছিল এবং যাত্রীদের মধ্যে সবাই আফগান নাগরিক। তাঁর মতে, বাসের বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেছেন, বাসে যারা ছিলেন তারা সীমান্ত ক্রসিং পয়েন্ট ইসলাম কালা থেকে ওঠেন, এবং মূলত রাজধানী কাবুলে ফেরার পথে ছিলেন।

এই দুর্ঘটনা ঘটেছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির ঘোষণার ঠিক পরদিন, যেখানে তিনি জানিয়েছিলেন যে আগামী মার্চ মাসের মধ্যে আরও ৮,০০,০০০ মানুষকে ইরান ছাড়তে হবে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন, হতাহতরা ইরান থেকে বিতাড়িত করা হয়েছিল, তবে তৎক্ষণাৎ বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে বেশিরভাগই বাসের যাত্রী ছিলেন। তবে ট্রাকে থাকা দুইজন এবং মোটরসাইকেলে থাকা আরও দুইজনও প্রাণ হারিয়েছেন।

দুর্ভাগ্যবশত, আফগানিস্তানে যুদ্ধের প্রভাব, খারাপ রাস্তাঘাট এবং মহাসড়কে নিয়ন্ত্রণের অভাবের কারণে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বিশেষত এ ধরনের বড় দূর্ঘটনায় শিশুদের মৃত্যুর হার বেশি।