ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় শান্তির আলো? হামাস রাজি, কিন্তু নেতানিয়াহুর মুখে আবারও যুদ্ধের হুঁশিয়ারি!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

গাজায় শান্তির আলো? হামাস রাজি, কিন্তু নেতানিয়াহুর মুখে আবারও যুদ্ধের হুঁশিয়ারি!

মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের প্রস্তাবিত ৬০ দিনের গাজার যুদ্ধবিরতি অনুমোদন করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

সোমবার ১৮ আগস্ট হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী রোববার কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের প্রস্তাব মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সরকার এই বার্তা পেয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কায়রোতে সাক্ষাতের পর, হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার ঘোষণা করেছেন।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী: ৬০ দিনের যুদ্ধবিরতি থাকবে। অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে। মানবিক সহায়তা প্রবেশের পথও খোলা থাকবে।

তবে হামাসের অনুমোদনের মানে এই নয় যে, যুদ্ধ খুব শিগগিরই থামছে। গত দুই বছর ধরে হামাস নানা সময় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির প্রস্তাব মেনে নিয়েছে, কিন্তু ইসরায়েল বিভিন্ন অজুহাতে সেগুলো প্রত্যাখ্যান করে গাজায় হামলা অব্যাহত রেখেছে।

হামাসের অনুমোদনের পর একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে বলেছেন, “গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের সর্বশেষ প্রস্তাব জেরুজালেম পেয়েছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, গাজা সিটি দখল এবং ইসরায়েলি মিশন সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব স্টাফের সঙ্গে আলোচনা করেছেন। তার ভাষ্য, “হামাস প্রচণ্ড চাপের মধ্যে আছে।”
এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি অন্তর্বর্তী সংবিধান প্রণয়নের কমিটি গঠন করেছেন। এটি ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি হিসেবে কাজ করবে। একে সাধারণ নির্বাচনের ও জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের প্রস্তুতি হিসেবেও ধরা হচ্ছে।