এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম
ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার ১৯ আগস্ট ভোরে জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার একটি জ্বালানি বহনকারী মালবাহী ট্রেন উড়িয়ে দিয়েছে। বিস্ফোরণে পুরো ট্রেন আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং রেললাইনও ধ্বংস হয়।
ইউক্রেনে রুশ দখলদারিত্ব নিয়ে গবেষণা কেন্দ্রের প্রধান পেত্রো আন্দ্রিউশচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, “হ্যাঁ, ট্রেনটি জ্বলছে। অধিকৃত জাপোরিঝঝিয়ায় আর কোনো রুশ রেলসেবা নেই। প্রতিশ্রুতি মতো ট্যাংকভর্তি মালবাহী ট্রেন পুরোপুরি ধ্বংস করা হয়েছে। কিছুই অবশিষ্ট নেই।”
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ট্রেনের ডজনখানেক বগি আগুনে জ্বলতে জ্বলতে ধসে পড়ছে। ট্রেনটি উরোজায়নি ও তোকমাকের মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। তবে এই বিস্ফোরণ কীভাবে ঘটানো হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
ইউক্রেন বা রাশিয়া—কোনো পক্ষই এ হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এর আগে চলতি বছরের মে মাসে ইউক্রেনীয় ড্রোন একই অঞ্চলে রাশিয়ার জ্বালানি বহনকারী আরেকটি ট্রেনে হামলা চালিয়েছিল।
এই বিস্ফোরণের আগের দিনই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় জাপোরিঝঝিয়া নগরীতে অন্তত ৩ জন নিহত ও ২০ জন আহত হয়। বর্তমানে রুশ সেনারা অঞ্চলটির বড় অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
পশ্চিমা গণমাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি প্রস্তাব দিয়েছেন—জাপোরিঝঝিয়া ও খেরসনে যুদ্ধক্ষেত্র স্থিতিশীল রাখার বিনিময়ে ইউক্রেন যেন দোনেৎস্ক ও লুহানস্ক থেকে সেনা সরিয়ে নেয়।
অন্যদিকে, সোমবার ১৮ আগস্ট হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আগের দিন ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন, যেখানে চলমান যুদ্ধ থামাতে কূটনৈতিক সমাধানের পথ নিয়ে আলোচনা হয়।