ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জুমার নামাজে না গেলেই ২ বছরের জেল—মালয়েশিয়ায় জেল-জরিমানা একসাথে!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

জুমার নামাজে না গেলেই ২ বছরের জেল—মালয়েশিয়ায় জেল-জরিমানা একসাথে!

মালয়েশিয়ার তেরেংগানু প্রদেশে মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজে হাজিরা এখন বাধ্যতামূলক। আর একবারও এ নামাজ বাদ দিলে শাস্তির মুখোমুখি হতে হবে। নতুন আইনে বলা হয়েছে, যৌক্তিক কারণ ছাড়া জুমার নামাজে না গেলে সর্বোচ্চ দুই বছরের জেল বা তিন হাজার রিঙ্গিত প্রায় ৮৬ হাজার টাকা জরিমানা, এমনকি উভয় শাস্তিও হতে পারে।

যুক্তরাজ্যের ইনডিপেনডেন্ট জানিয়েছে, সোমবার ১৮ আগস্ট প্রাদেশিক সরকার পরিচালিত শরিয়াভিত্তিক অপরাধ আইন অনুযায়ী এই ঘোষণা দেওয়া হয়।

তেরেংগানু রাজ্য নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ খলিল আব্দুল হাদি বলেন, “আগে টানা তিন জুমা মিস করলে শাস্তির বিধান ছিল। এখন একবার মিস করলেই সেটা অপরাধ। জুমা শুধু ধর্মীয় প্রতীক নয়, এটা আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ।”

রাজ্য সরকার জানিয়েছে, স্থানীয় মানুষকে সচেতন করতে মসজিদে ব্যানার টানানো হবে এবং প্রচারণা চালানো হবে। পাশাপাশি অভিযোগ পেলে বা নজরদারিতে প্রমাণ মিললেই ব্যবস্থা নেওয়া হবে।
এই আইন কার্যকরের মধ্য দিয়ে ইসলামপন্থী রাজনৈতিক দল পিএএস বা Pan-Malaysian Islamic Party আবারও কঠোর শরিয়া আইন বাস্তবায়নের দিকে এগোলো। বর্তমানে দেশটির চারটি রাজ্যে দলটির প্রভাব রয়েছে। অতীতে তারা চুরি-ব্যভিচারের মতো অপরাধে হাত কেটে দেওয়া বা পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের মতো হুদুদ আইন চালুরও প্রস্তাব করেছিল।

তবে এ ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। মালয়েশিয়ার আইনজীবী আজিরা আজিজ এক্সে লিখেছেন, “ইসলামে কোনো জোর নেই। নামাজ ফরজ, কিন্তু এটিকে অপরাধ বানানোর দরকার ছিল না। সচেতনতা যথেষ্ট হতো।”

মালয়েশিয়ার আইনব্যবস্থা দ্বিমুখী। মুসলিমদের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে শরিয়া আইন প্রযোজ্য হলেও অন্য সব ক্ষেত্রে সিভিল আইন চলে। দেশটির জনসংখ্যা প্রায় ৩ কোটি ৩০ লাখ, এর দুই-তৃতীয়াংশ মালয় মুসলমান। বাকিরা চীনা ও ভারতীয় বংশোদ্ভূত।

এর আগে জোহর রাজ্যও জুমার নামাজ নিশ্চিত করতে একই ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির সর্বোচ্চ আদালত কয়েকটি শরিয়াভিত্তিক রাজ্য আইনকে অসাংবিধানিক ঘোষণা করে, যা ইসলামপন্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে।