ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

টেক্সাসে কারাগার থেকে ‘ভুল করে’ মুক্তি, পুলিশ তৎপর খুঁজছে আসামিকে!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

টেক্সাসে কারাগার থেকে ‘ভুল করে’ মুক্তি, পুলিশ তৎপর খুঁজছে আসামিকে!

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টি পুলিশ এমন এক ব্যক্তিকে খুঁজছে, যিনি কারাগার থেকে ভুলবশত মুক্তি পেয়েছেন।

টরি ডুগাস নামের ওই ব্যক্তি পরিবারের একজনকে আক্রমণের দায়ে পাঁচ বছর এবং গ্রেপ্তার এড়ানোর দায়ে দুই বছরের সাজা পেয়েছিলেন।

হ্যারিস কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ডুগাস বৃহস্পতিবার থেকে হ্যারিস কাউন্টি কারাগারে ছিলেন। পরে অভিযোগগুলো বাতিল হওয়ায় স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টায় তাকে মুক্তি দেওয়া হয়।
শেরিফ অফিস বলেছে, ডুগাসের ভুল মুক্তির কারণ জানার জন্য একটি পূর্ণাঙ্গ তদন্ত চলছে। মনে হচ্ছে কারাগারের কর্মীরা ডুগাসের ফাইলে অঙ্গরাজ্য কারাগারের সাজা তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করেননি, যার কারণে তাকে মুক্তি দেওয়ার যোগ্য মনে করা হয়েছিল।

হিউস্টন ক্রনিকলের উদ্ধৃতি দিয়ে পুলিশের মুখপাত্র জেসন স্পেনসার জানিয়েছেন, সোমবার সকালে যখন কারাগারের কর্মীরা অঙ্গরাজ্য কারাগারের হেফাজতে পাঠানোর তালিকা যাচাই করছিলেন, তখন তারা দেখেন ডুগাস অনুপস্থিত।

পুলিশ জনসাধারণকে অনুরোধ করেছে, ডুগাসকে দেখলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে।
এটি হ্যারিস কাউন্টি কারাগার থেকে ভুলবশত মুক্তি পাওয়ার প্রথম ঘটনা নয়। চলতি বছরের শুরুতেই, নৃশংস খুনের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে একই নামে অন্য কারো সঙ্গে মিলিয়ে মুক্তি দেওয়া হয়েছিল। তবে তিনি ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন।