ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

লাহোরে ঐতিহাসিক ওয়াজির খান মসজিদে অশোভন পোশাকে ভিডিও, মডেল-ফটোগ্রাফারের বিরুদ্ধে মামলা!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

লাহোরে ঐতিহাসিক ওয়াজির খান মসজিদে অশোভন পোশাকে ভিডিও, মডেল-ফটোগ্রাফারের বিরুদ্ধে মামলা!

পাকিস্তানের লাহোরে চাঞ্চল্যকর ঘটনা। ঐতিহাসিক ওয়াজির খান মসজিদে অনুমতি ছাড়াই অশোভন পোশাকে ভিডিও ধারণ করায় এক মডেল ও এক ফটোগ্রাফারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ওয়ার্ল্ড সিটি অব লাহোর অথরিটির (ডাব্লিউসিএলএ) কর্মকর্তা মুহাম্মদ ওয়াইসের অভিযোগের ভিত্তিতে ১৭ আগস্ট রাতে আকবরি গেট থানায় এফআইআর দায়ের করা হয়। মামলায় মডেল আজবিয়া খান ও ফটোগ্রাফার জেইন শাহের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ—মসজিদের পবিত্রতা লঙ্ঘন।

কী ঘটেছিল ১৩ আগস্টে?

অভিযোগ অনুযায়ী, ১৩ আগস্ট আজবিয়া খান ওয়াজির খান মসজিদের ভেতরে অশোভন পোশাকে ভিডিও ধারণ করেন, এবং এর জন্য কোনো অনুমতি নেননি। মুহাম্মদ ওয়াইস জানান, “মসজিদের পবিত্রতা রক্ষার স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা হবে।”

তবে পুলিশের দাবি, বাদী কোনো যোগাযোগের ঠিকানা দেননি এবং অভিযুক্তদের নামও যাচাই করা হয়নি। মসজিদ কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করার পরই মামলা দায়ের হয়। বর্তমানে পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

আওকাফ বিভাগের সেক্রেটারি ড. তাহির রাজা বুখারি জানান, “এফআইআর দায়ের হয়েছে, বিষয়টি ডাব্লিউসিএলএ পর্যবেক্ষণ করছে।”

ঐতিহাসিক নিদর্শন ওয়াজির খান মসজিদ

লাহোরের কেন্দ্রস্থলে অবস্থিত ওয়াজির খান মসজিদ ১৭শ শতাব্দীর মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন। সম্রাট শাহজাহানের আমলে পাঞ্জাবের গভর্নর ওয়াজির খান ১৬৩৪ থেকে ১৬৪১ সালের মধ্যে মসজিদটি নির্মাণ করেন।

মসজিদটি বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ টেনটেটিভ লিস্টে রয়েছে। ২০০৯ সাল থেকে আগা খান ট্রাস্ট ফর কালচার ও পাঞ্জাব সরকারের তত্ত্বাবধানে এর সংস্কার চলছে। এ কাজে জার্মানি, নরওয়ে ও যুক্তরাষ্ট্র সহায়তা করছে।