এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম
ভারতের ছত্তিশগড়ে এক ভয়ঙ্কর ঘটনা প্রকাশ করেছে পুলিশ। বিনয় বর্মা নামে এক ব্যক্তি প্রিয় নারীর স্বামী আফসার খানের জীবন শেষ করার জন্য বোমা ভর্তি পার্সেল পাঠান। পার্সেলটি বড় একটি মিউজিক সিস্টেমের ভেতরে লুকানো ছিল।
আফসার খানের কাছে পার্সেল আসার পর তিনি দ্রুত পুলিশকে খবর দেন, কারণ তিনি কোনো অনলাইন অর্ডার দেননি। পুলিশ এসে পার্সেলটি খুললে ভিতরে প্রায় ২ কেজি বিস্ফোরক লুকানো ছিল। এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে বিদ্যুতের সংযোগ দেওয়া মাত্রই তা বিস্ফোরিত হতে পারত। সৌভাগ্যবশত সময়মতো শনাক্ত হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
তদন্তে পুলিশ প্রথমে বিনয় বর্মাকে গ্রেপ্তার করে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এবং খয়রাগড় গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে জানা যায়, বহুদিন ধরে তিনি আফসারের সদ্যবিবাহিত স্ত্রীকে পছন্দ করতেন। নিজের পথের বাধা সরাতে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, গুগল সার্চের সাহায্যেই তিনি বোমা তৈরি করে মিউজিক সিস্টেমের মধ্যে বসিয়েছিলেন।
পুলিশ এই ঘটনার তদন্তে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে, যারা অবৈধ বিস্ফোরক পাচারের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আফসারকে হত্যার ষড়যন্ত্র রুখার পাশাপাশি স্থানীয় একটি অবৈধ বিস্ফোরক চক্রও শনাক্ত হয়েছে।
ছত্তিশগড় পুলিশ বলেছে, ষড়যন্ত্রের নেপথ্যে বড় কোনো নেটওয়ার্ক আছে কি না, তা জানতে তদন্ত এখনও চলছে।