এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং আবারও কঠোর মন্তব্য করে আলোচনায় এলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—পিয়ংইয়ং কোনোদিনই সিউলকে কূটনৈতিক অংশীদার হিসেবে গ্রহণ করবে না।
বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের “বিশ্বস্ত কুকুর” বলে আখ্যা দেন। তার দাবি, “উত্তর কোরিয়ার জন্য সবচেয়ে ক্ষতিকর দেশ হলো দক্ষিণ কোরিয়া। তারা মার্কিনিদের পোষা কুকুর মাত্র।”
তিনি আরও বলেন, সিউল-ওয়াশিংটনের ‘বেপরোয়া সামরিক মহড়া’ সাউথ কোরিয়ার আসল মনোভাবের প্রমাণ। তাই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
এর আগে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং সীমান্তে শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করে শান্তির বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তার সরকার উত্তর কোরিয়ার বর্তমান ব্যবস্থাকে সম্মান করে। তবে ইয়ো জং মনে করেন, এসব কেবল ‘দেখানোর শান্তি প্রচেষ্টা’, যাতে দোষ চাপানো যায় পিয়ংইয়ংয়ের ওপর।
বিশ্লেষকদের মতে, কিম ইয়ো জং-এর বক্তব্যে দুই কোরিয়ার সম্পর্ক আরও এক ধাপ খারাপের দিকে যাচ্ছে। যদিও দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, তারা শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ চালিয়ে যাবে।
প্রসঙ্গত, এর আগেও কিম জং উন নিজে দক্ষিণ কোরিয়াকে চিরশত্রু ঘোষণা করেছিলেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সামরিক মহড়ার তীব্র সমালোচনা করে নতুন পারমাণবিক যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দেন।
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে পিয়ংইয়ং-মস্কো ঘনিষ্ঠ হয়ে উঠেছে। ইতিমধ্যে উত্তর কোরিয়া রাশিয়াকে হাজার হাজার সেনা ও সামরিক সরঞ্জাম দিয়েছে। ফলে শুধু কোরীয় উপদ্বীপ নয়, মধ্যপ্রাচ্য থেকে তাইওয়ান পর্যন্ত নানা বিষয়ে এখন সরব হয়ে উঠছে পিয়ংইয়ং।