ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সিরিয়ার গোলানে নতুন বসতি স্থাপন চেষ্টা, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বিগ্ন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

সিরিয়ার গোলানে নতুন বসতি স্থাপন চেষ্টা, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বিগ্ন

সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলিরা নতুন বসতি স্থাপনের চেষ্টা চালিয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরে বিতর্কিত এই অঞ্চলে ইসরাইলের একপক্ষীয় দখল হিসেবে মনে করছেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, মঙ্গলবার ১৯ আগস্ট ইসরাইলের তরুণ অবৈধ বসতি স্থাপনকারীদের একটি দল কুনেইত্রা প্রদেশের বীর আজাম গ্রামে প্রবেশ করে নতুন বসতি স্থাপনের চেষ্টা করে। তারা নিরাপত্তা বাধা অতিক্রম করে কাঠের ফ্রেম তৈরি করে কংক্রিট ঢালতে শুরু করে। এই বসতির নাম রাখা হয়েছে ‘নেভে হাবাশান’।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বসতি স্থাপনকারীরা কাঠের ফ্রেমে কংক্রিট ঢালছেন এবং পরিকল্পিত ইউনিট তৈরি করছেন। ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির পর থেকে ইসরাইল দীর্ঘদিন ধরে দক্ষিণ কুনেইত্রা প্রদেশে টহল, সামরিক ঘাঁটি ও পোস্ট স্থাপন করছে। বাশার আল আসাদ ও বাথ শাসনের পতনের পর থেকে তারা সিরিয়ার বিভিন্ন প্রদেশে সামরিক কার্যক্রম চালাচ্ছে।

আন্তর্জাতিক সম্প্রদায় এখনো গোলান মালভূমিতে ইসরাইলি দখলকে বৈধ স্বীকৃতি দেয়নি। নতুন বসতি স্থাপনের এই চেষ্টা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করতে পারে এবং সিরিয়া-ইসরাইল সংক্রান্ত শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।