ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানের হুঁশিয়ারির পর ভারত চালাল ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

পাকিস্তানের হুঁশিয়ারির পর ভারত চালাল ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা!

নিজেদের কৌশলগত সামরিক সক্ষমতা দেখানোর জন্য ভারত সম্প্রতি ‘অগ্নি ৫’ নামের মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বুধবার (২০ আগস্ট) এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সমস্ত অপারেশনাল এবং কারিগরি প্যারামিটার যাচাই করেছে। মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, “২০ আগস্ট ওড়িশার চাঁদিপুরে অবস্থিত সমন্বিত টেস্ট রেঞ্জ থেকে মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ৫ সফলভাবে পরীক্ষা করা হয়েছে।”
এই পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ফ্লোরিডার ট্যাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি দেন যে, ভবিষ্যতের যুদ্ধে যদি পাকিস্তান অস্তিত্বের হুমকির সম্মুখীন হয়, তারা পারমাণবিক হামলার পথও বেছে নিতে পারে।

এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ দেশটির অন্যান্য নেতারা একই ধরনের মন্তব্য করেন। ভারত এই মন্তব্যের কঠোর প্রতিবাদ জানায়।
অনেকে মনে করছেন, পাকিস্তানের হুমকির জবাব এবং নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ করার জন্যই ভারত ‘অগ্নি ৫’ উৎক্ষেপণ করেছে।