এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ১৭ জন শিশু। তালেবান সরকার নিশ্চিত করেছে, নিহতদের বেশিরভাগই ইরান থেকে ফেরত আসা আফগান শরণার্থী।
বুধবার গভীর রাতে কাবুলগামী ওই বাসটি একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় বাসে। হেরাত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমদুল্লাহ মতাকি জানিয়েছেন, বাসের ভেতরে থাকা সব যাত্রী মারা গেছেন। এছাড়া সংঘর্ষে অন্য যানবাহনের আরও দুইজন প্রাণ হারান।
হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদি বলেন, “সব যাত্রী ইসলাম ক্বালা থেকে বাসে উঠেছিলেন, যা আফগানিস্তান–ইরান সীমান্তের কাছে অবস্থিত।”
হেরাত পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ছিল চালকের অতিরিক্ত গতি ও অবহেলা। আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায় নিত্যদিনের ঘটনা, কারণ দেশটির অনেক সড়ক যুদ্ধ ও অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে এবং ট্রাফিক আইনও কঠোরভাবে মানা হয় না।
১৯৭০-এর দশক থেকে লাখ লাখ আফগান ইরান ও পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। তবে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে ইরান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো আফগানদের সংখ্যা দ্রুত বেড়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বা UNHCR-এর তথ্য অনুযায়ী, শুধু এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫ লাখের বেশি আফগান ইরান থেকে দেশে ফিরেছেন।
বিশেষজ্ঞদের মতে, তালেবান শাসিত আফগানিস্তান ইতিমধ্যেই সীমান্ত দিয়ে ফেরত আসা বিপুল সংখ্যক নাগরিককে সামলাতে হিমশিম খাচ্ছে। তার উপর এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা মানবিক সংকটকে আরও গভীর করছে।