এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান অবশেষে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে সিরিজ হারের আঘাত কাটিয়ে তিনি এবার নতুন অঙ্গনে খেলবেন। এসময় পাকিস্তানের অন্যান্য তারকা যেমন নাসিম শাহ, আব্বাস আফ্রিদি, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরও দলে রয়েছেন। রিজওয়ানের এই অংশগ্রহণ পাকিস্তানি খেলোয়াড়দের উপস্থিতি আরও বাড়িয়েছে।
মোহাম্মদ রিজওয়ানের জন্য ভালো সময় যাচ্ছে না মাঠে ও মাঠের বাইরে। কিছুদিন আগে তার নেতৃত্বে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারায়। পাশাপাশি গত এক বছর ধরে তিনি পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পাচ্ছেন না। এমনকি কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন সাবেক এই অধিনায়ক।
এদিকে পিসিবি রিজওয়ানকে এশিয়া কাপ এবং আসন্ন ত্রিদেশীয় সিরিজের দলে রাখেনি। তাই সিপিএলে খেলার পথে কোনো বাধা নেই। রিজওয়ানের অংশগ্রহণের ফলে ক্যারিবীয়ান লিগে পাকিস্তানি খেলোয়াড়দের সংখ্যা আরও বেড়েছে।
অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার ফ্যালকনস দলে রয়েছেন উসামা মির। এছাড়া প্যাট্রিয়টস দলে আগে থেকেই আছেন দুই পাক পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি। এ আসরে খেলবেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও সালমান ইরশাদও।