এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এবার আদালতের শীর্ষ কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছর আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এর পর থেকেই একে একে বেশ কয়েকটি দেশ জানায়, তারা আন্তর্জাতিক আদালতের এই পরোয়ানা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে ভিন্ন অবস্থানে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন শুধু আইসিসির সিদ্ধান্তের নিন্দাই জানায়নি, বরং আদালতের কার্যক্রম ঠেকাতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে।
গত বুধবার (২০ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, ট্রাম্প প্রশাসনের অনুমোদনে আরও দুইজন বিচারক ও দুইজন আইনজীবীর ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রুবিও বলেন, “আইসিসি এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি যুক্তরাষ্ট্র এবং আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইনের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।”
তবে এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞাগুলো একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থার ওপর সরাসরি আক্রমণ। এগুলো যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের শিকারদের প্রতি চরম অবমাননা।”
আইসিসি আরও জানিয়েছে, কোনো চাপ, হুমকি বা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে তারা তাদের কাজ চালিয়ে যাবে।
গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে বিতর্ক, আর এই নতুন মার্কিন সিদ্ধান্তে ইসরায়েল-পক্ষ আরও শক্তিশালী অবস্থানে চলে গেল বলেই মনে করছেন বিশ্লেষকরা।