ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কলকাতায় বাংলাদেশি আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা, চারজন আহত – অভিযুক্তদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার হয়নি কেউ!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

কলকাতায় বাংলাদেশি আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা, চারজন আহত – অভিযুক্তদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার হয়নি কেউ!

ভারতের কলকাতায় বাংলাদেশি আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শিয়ালদহ রেল ব্রিজের নিচে। অভিযুক্তরা স্থানীয় হিন্দিভাষী ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবার (২০ আগস্ট) রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক শিক্ষার্থী শিয়ালদহ ব্রিজের নিচের একটি মোবাইল সরঞ্জামের দোকানে যান। সেখানে দরদাম নিয়ে কথা কাটাকাটি হলে দোকানদার হঠাৎ ওই ছাত্রকে গালিগালাজ করে ‘বাংলাদেশি’ বলে আক্রমণ করে বসেন।

পরবর্তীতে ওই ছাত্র হোস্টেলে ফিরে গিয়ে সহপাঠীদের সঙ্গে নিয়ে আবার দোকানে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আশপাশের অন্যান্য ব্যবসায়ীরাও সংঘর্ষে যোগ দেয়। এসময় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

এই ঘটনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী আহত হন। তাদের মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তারা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং থানার বাইরে বিক্ষোভ করেন। আহত শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ‘বাংলা পক্ষ’-এর নেতা গর্গ চট্টোপাধ্যায়। তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে কথা বলেন এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন।

তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ। মুচিপাড়া থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গভীর রাতে। রাত ১২টার পর শিক্ষার্থীরা থানায় উপস্থিত হন এবং ভোর ৪টা পর্যন্ত তাদের জবানবন্দি নেওয়া হয়। যেহেতু দোকানগুলো তখন বন্ধ ছিল, তাই এখনও কোনো ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।