এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন দেশ থাইল্যান্ড এবার বিদেশি ভ্রমণকারীদের জন্য বিশাল অফার ঘোষণা করেছে। নতুন উদ্যোগের আওতায় দুই লাখ আন্তর্জাতিক পর্যটককে দেওয়া হবে একদম বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট। বড় শহরের বাইরে ভ্রমণ বাড়াতে নেওয়া এই পরিকল্পনায় ছয়টি এয়ারলাইন্স থাকবে অংশীদার। পর্যটন শিল্পে আসবে বিশাল অর্থনৈতিক সুফল।
বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে দারুণ উদ্যোগ নিতে চলেছে থাইল্যান্ড। দেশটিতে ভ্রমণকারী দুই লাখ আন্তর্জাতিক পর্যটক এবার পাচ্ছেন একেবারে বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট।
থাই সংবাদমাধ্যম দ্য নেশন থাইল্যান্ড-এর বরাতে ভারতীয় ইকোনমিক টাইমস জানিয়েছে, থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সরাওয়ং থিয়েনথং এই পরিকল্পনার জন্য ৭০০ মিলিয়ন বাথ বাজেট প্রস্তাব করেছেন। তাঁর লক্ষ্য— বিদেশি ভ্রমণকারীরা শুধু ব্যাংকক বা বড় শহরেই সীমাবদ্ধ না থেকে দেশের অন্যান্য মনোমুগ্ধকর জায়গাও ঘুরে দেখবেন।
এ পরিকল্পনা বাস্তবায়নে ছয়টি এয়ারলাইন্সকে যুক্ত করা হবে— থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেট। সরকারের পক্ষ থেকে একমুখী টিকিটে ১,৭৫০ বাথ এবং রিটার্ন টিকিটে ৩,৫০০ বাথ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে।
আগামী সপ্তাহে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি (টিএটি) ‘বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস’ কর্মসূচির আওতায় এটি বাস্তবায়ন করবে। পুরো উদ্যোগ চলবে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত, আর ভ্রমণ কার্যক্রম হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে।
সরাওয়ং জানিয়েছেন, “আমাদের লক্ষ্য অন্তত দুই লাখ বিদেশি পর্যটককে আকৃষ্ট করা। তারা থাইল্যান্ডের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখতে পারবেন— বিশেষ করে ইউনেস্কো স্বীকৃত শহর, জনপ্রিয় পর্যটনকেন্দ্র ও দেশের বড় আকর্ষণীয় স্থানগুলো।”
আন্তর্জাতিক ভ্রমণকারীরা যখন এয়ারলাইনস ওয়েবসাইট, মাল্টি-সিটি অপশন বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুক করবেন, তখন তারা পাবেন দুটি বিনামূল্যের অভ্যন্তরীণ ফ্লাইট (অথবা একটি একমুখী টিকিট) এবং ২০ কেজি লাগেজ সুবিধা।
পর্যটন মন্ত্রণালয়ের হিসাবে, এই উদ্যোগ থেকে সরাসরি আয় হবে অন্তত ৮.৮১ বিলিয়ন বাথ, আর সামগ্রিক অর্থনৈতিক প্রভাব দাঁড়াবে প্রায় ২১.৮০ বিলিয়ন বাথ। সরকারের ঘোষিত ২০২৫ সালের ‘অ্যামেজিং থাইল্যান্ড গ্র্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ার’-এর অংশ হিসেবেও এই পদক্ষেপ কাজ করবে।
মূলত জাপানের মডেল অনুসরণ করেই এই উদ্যোগ নিচ্ছে থাইল্যান্ড। জাপানও একইভাবে দেশীয় ফ্লাইটে প্রণোদনা দিয়ে পর্যটকদের বড় শহর থেকে আঞ্চলিক এলাকায় নিয়ে গিয়েছিল।