ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পোল্যান্ডে সেনা মোতায়েন, রাশিয়ার আগ্রাসন রোধে প্যাট্রিয়ট ব্যবস্থা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

পোল্যান্ডে সেনা মোতায়েন, রাশিয়ার আগ্রাসন রোধে প্যাট্রিয়ট ব্যবস্থা

নেদারল্যান্ডস পোল্যান্ডে ৩০০ সৈন্য এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুবেন ব্রেকেলম্যানস বলেছেন, এটি ন্যাটো অঞ্চল রক্ষা, ইউক্রেনে সরবরাহ নিশ্চিত করা এবং রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন রোধের জন্য নেওয়া পদক্ষেপ।
বৃহস্পতিবার ২১ আগস্ট আল জাজিরা প্রতিবেদনে জানানো হয়েছে, এর আগে পোল্যান্ডের পূর্বাঞ্চলে একটি ড্রোন হামলার প্রভাব দেখা যায়, যা রাশিয়ার শাহেদ ড্রোনের সংস্করণ হতে পারে। ওই হামলায় কিছু বাড়ির জানালা ভেঙে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রেকেলম্যানস জোর দিয়ে বলেন, প্যাট্রিয়ট সিস্টেমগুলো পোল্যান্ডে স্থাপন করা হবে, আর ৩০০ সৈন্য মোতায়েন করা মানে নেদারল্যান্ডস ইউক্রেনে সৈন্য পাঠাচ্ছে না। এটি কেবল ন্যাটো সদস্য দেশকে নিরাপত্তা সহায়তা হিসেবে পাঠানো হচ্ছে।

এদিকে, চলতি মাসের শুরুতে জার্মানি পোল্যান্ডে পাঁচটি ইউরোফাইটার যুদ্ধবিমান ও প্রায় ২৭০ সৈন্য মোতায়েন করেছে। জার্মান বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এটি রাশিয়ান-বেলারুশিয়ান যৌথ সামরিক মহড়ার আগে নেওয়া পদক্ষেপ।

পোল্যান্ডের পাশে সামরিক সহায়তা পাঠানোর মাধ্যমে ন্যাটো সদস্য দেশগুলো রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছে।