এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম
গাজায় ইসরায়েলের লাগাতার তাণ্ডবের মাঝেও দমে যায়নি হামাস। বুধবার ২০ আগস্ট সকালে খান ইউনিসের দক্ষিণে আইডিএফ সেনাদের একটি ঘাঁটিতে আকস্মিক হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।
ইসরায়েলের দাবি, টানেল থেকে বেরিয়ে আসা অন্তত ১৮ জন হামাস যোদ্ধা মেশিনগান ও ট্যাঙ্কবিধ্বংসী রকেট দিয়ে হামলা চালায়। এতে ১০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের একটি ভিডিওও প্রকাশ করেছে ইসরায়েলি সেনারা।
অন্যদিকে হামলার দায় স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। তাদের দাবি, এটি ছিল আত্মঘাতী অভিযান। যোদ্ধারা সেনাঘাঁটির ভেতরে প্রবেশ করে একাধিক ভবনে হামলা চালায়, কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করে এবং কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করে। তাদের ভাষায়, কয়েক ঘণ্টা ধরে লড়াই চলে। তবে আইডিএফ বলছে, মাত্র এক ঘণ্টার মধ্যেই তারা পুরো অভিযান শেষ করে ফেলে।
ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, গত পাঁচ মাসে অন্তত ২১০০ হামাস সদস্যকে হত্যা করা হয়েছে। এছাড়া গাজায় হামাসের নেতৃত্ব কাঠামো ভেঙে ফেলার দাবি করেছে তেলআবিব। তাদের নতুন লক্ষ্য—গাজা সিটির ভেতর-বাহির, মাটির ওপরে-নিচে সব জায়গা থেকে হামাসকে নির্মূল করা।
অন্যদিকে হামাসের অভিযোগ, ইসরায়েল আসল তথ্য গোপন করছে এবং নিজেদের ক্ষয়ক্ষতির কথা প্রকাশ করছে না।