ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এক রাতে ইউক্রেনে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল ছুড়ল রাশিয়া!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

এক রাতে ইউক্রেনে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল ছুড়ল রাশিয়া!

ইউক্রেনে এক রাতে রীতিমতো আগুন ঝরাল রাশিয়া। কিয়েভের দাবি, বুধবার গভীর রাতে দেশটির ওপর নিক্ষেপ করা হয়েছে ৫৭৪টি ড্রোন আর ৪০টি মিসাইল—মোট ৬১৪টি হামলা। এটিকে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে বড় আক্রমণ হিসেবে বর্ণনা করেছে ইউক্রেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, এই বিশাল হামলার মধ্যে ৫৭৭টি ড্রোন ও মিসাইল তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
তবে ক্ষয়ক্ষতিও কম হয়নি। লভিভ অঞ্চলে ড্রোন ও মিসাইল হামলায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন আরও তিনজন। ধ্বংস হয়েছে ২০টিরও বেশি ভবন, যার মধ্যে রয়েছে আবাসিক ঘরবাড়ি ও একটি শিশু বিদ্যালয়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সকারপাথিয়ায় একটি মার্কিন ইলেকট্রনিক্স কোম্পানির কারখানায় ক্রুজ মিসাইল হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। ওই মার্কিন প্রতিষ্ঠানটি কফি মেশিনসহ বিভিন্ন গৃহস্থালি সরঞ্জাম তৈরি করে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, “এটি গুরুতর ক্ষতি। এই হামলাগুলো প্রমাণ করে যুদ্ধ বন্ধ এখন সবচেয়ে জরুরি।”
কিয়েভের দাবি, হামলায় হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। এগুলোর বেশিরভাগ ছোঁড়া হয়েছে পশ্চিম রাশিয়া ও কৃষ্ণসাগর থেকে, আরেকটি এসেছে রাশিয়া-দখলকৃত ক্রিমিয়া থেকে।